ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ এনে রাজশাহী নগরীর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। একই দিন জেলার চারঘাট উপজেলায় সড়ক অবরোধ করে ত্রাণের দাবিতে বিক্ষোভ হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কেদুর মোড় এলাকায় ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ এনে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ তোলেন।

এলাকাবাসী বলেন, সিটি করপোরেশন থেকে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ থাকলেও কাউন্সিলর আরমান আলী নিজের ঘনিষ্টজনদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এতে আমাদের মাঝে ক্ষোভ দেখা দেয়। পরে প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থান করে বিক্ষোভ করেন তারা।

অভিযোগের বিষয়ে আরমান আলী বলেন, সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ দেওয়া হচ্ছে না। যা পাওয়া যাচ্ছে তা সুষ্ঠুভাবেই বণ্টন হচ্ছে। এসব অভিযোগ সত্য নয়।

এদিকে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত চৌমুহনী-বেলঘড়িয়া সড়কে দাঁড়িয়ে তারা বিক্ষোভ করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় দুই মাস ধরে এলাকার অনেকে কর্মহীন হয়ে আছেন। এ অবস্থায় তারা পরিবার নিয়ে বিপাকে আছেন। সরকার থেকে এখনও কোনো প্রকার ত্রাণ সহায়তা পাননি তারা। স্থানীয় ইউপি সদস্য জালাল উদ্দীন নিজের আত্মীয়-স্বজন ছাড়া কাউকে ত্রাণ দেননি।

এ বিষয়ে ইউসুফপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সদস্য জালাল উদ্দীন বলেন, এলাকাবাসী মনগড়া কথা বলে বিক্ষোভ করছে। তাদের অনেকেই ত্রাণ পেয়েছে। সবাইকে তো এক রকম অনুদান দেওয়া সম্ভব না। ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হয়নি।

ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন বলেন, বিক্ষোভকারীদের অভিযোগ সঠিক নয়। করোনা পরিস্থিতির শুরুর পর থেকেই ত্রাণ বিতরণ শুরু হয়েছে। সবাইকে একবারে ত্রাণ দেওয়া সম্ভব না। পর্যায়ক্রমে ত্রাণ বরাদ্দ দেওয়া হবে।